স্পিকারের সঙ্গে আইআরআই বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বাংলাদেশস্থ রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি।
মঙ্গলবার (১৬ জুন) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে তিনি (জন ফ্লুহার্টি) ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে আইআরআই’র সহযোগিতার প্রস্তাব দেন।
বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এ প্রতিষ্ঠানের বাংলাদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের কথা স্পিকারকে তিনি অবহিত করেন।
বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশে পাচারের প্রসঙ্গে স্পিকার এ অর্থ দেশে ফিরিয়ে আনতে মার্কিন সহযোগিতা চান। শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের নিপীড়নের উদাহারণ দিতে গিয়ে স্পিকার বলেন, আয়না ঘর, গুম, খুন, বিরোধী মতের দমন-পীড়ন এমন পর্যায়ে পৌঁছেছিলো যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে গিয়েছিলো।
স্পিকার বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ এ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত বাংলাদেশের ইতিহাসের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার বিরোধী দলের সাথে সকল বিষয়ে আলোচনা করে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
নব-নির্বাচিত সংসদ সদস্যরাও ধীরে ধীরে সংসদ কার্যপ্রণালীগুলো আয়ত্তে আনার প্রসঙ্গ উল্লেখ করে স্পিকার বলেন, ইতোমধ্যে ইউএনডিপি সংসদ সদস্যদের জন্য অরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে বিশেষজ্ঞগণের মাধ্যমে সংসদ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে হাতে-কলমে ধারণা দেয়।
বর্তমান গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য হচ্ছে বিরোধী দলসহ গণমানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা ও দেশকে দুর্নীতিমুক্ত করা। সরকার ও বিরোধী দল আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছাবে বলে স্পিকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। ইতোমধ্যে জ্বালানি সংকটসহ জাতীয় ইস্যুগুলোতে বিরোধীদল আন্তরিকভাবে সংকট উত্তরণে সহযোগিতা করে যাচ্ছে যা অত্যন্ত আশাব্যাঞ্জক।
এ সময় বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সারওয়ার ভূইয়া ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর কনসালট্যান্ট অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।

